নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘাঘা এলাকায় মধুমতী নদীতে নানীর সঙ্গে গোসল করতে নেমে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি ওই কিশোরীর। তার সন্ধানে কাজ শুরু করেছে খুলনা থেকে আসা ডুবুরিদল।
রবিবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে এ ঘটনা ঘটে।
কিশোরী সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো।
স্বজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রবিবার বেলা ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সীমা। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ওই কিশোরীর। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ সীমার সন্ধান মেলেনি।