সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই বলেছেন, আমাদের জুলাই আন্দোলনের মূল লক্ষ্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো।
তিনি বলেন, ‘জুলাই আমাদের অর্জন, আমরা যদি চাই এই অর্জনকে বাক্স ভরে রাখবো তাও সম্ভব, আর যদি চাই জুলাইকে ধারন করে দেশের সার্বিক উন্নয়ন করবো তাও সম্ভব। আসুন দেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুঁই বলেন, আমি সকলের কাছে প্রত্যাশা করি নাজিরপুর উপজেলাকে যেনো একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারি। পিরোজপুরেকে দেশের বিভিন্ন জায়গায় দূর্ণীতি আখড়া জেলা হিসেবে চিনে কারন এলজিউডির মাধ্যেমে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। সেই কলঙ্কিত জায়গা থেকে আমরা বের হতে চাই। এখানে আমার বাবার কবর,আমার পরিবার, আত্মীয় স্বজনেরা থাকে তাই নাজিরপুরকে নিয়ে আমার স্বপ্ন। আমি এখানেই আসতে চাই, এখানেই থাকতে চাই। অতীতের ভূল ভুলে সামনে কি ভাবে এ উপজেলার উন্নয়ন করা যায় আমরা সবাই সে ব্যাপারে ঐক্যবদ্ধ হই। আমার এলাকায় যে রাস্তাগুলো খারাপ সেগুলো কিভাবে দ্রুত সংস্কার করতে পারি সে ব্যাপারে সবার সহযোগিতা চাই।
এ সময় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নাজিরপুরের উন্নয়নের বিষয় সহযোগিতা করবেন। নাজিরপুরের কোথায় কি সমস্যা আছে আপনারা ভালো জানেন। এখানের উন্নয়ন হলে আপনারা একদিন বলতে পারবেন যে এখানে আপনি এক সময় ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া শাহনাজ তমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা মো. আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একইদিন নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রশাসনের অনুষ্ঠান শেষে সুলতানা জেসমিন জুঁই উপজেলা বিএনপি'র সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন।
