নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল ধ্বংস করা হয়। এর আগে বিকেলে পৌর শহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় গড়ে তোলা অবৈধ জালের গুদামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান উপস্থিত ছিলেন।
অভিযানে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমা আক্তার নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও মজুতের কারণে মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পৌর শহরের খলিফাপট্টি এলাকা থেকে সাড়ে আট লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সোহেল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি জাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। এর পরদিন শুক্রবার বরান্তর এলাকায় হাওর থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারিসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।