মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী-কালীরবাজার সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা বেপারী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার(১১ মে) রাতের দিকে আলমমীরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা বেপারী ওই এলাকার মৃত আজিমউদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মোস্তফা বেপারী। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।