মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ডাসার থানার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক আকন (২০) ডাসার উপজেলার ধুলগ্রাম গ্রামের জালাল আকনের ছেলে। আহত রমজান বেপারী (২০) একই উপজেলার ধুয়াশার বালিগ্রাম গ্রামের সোহেল বেপারীর ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক আকন মোটরসাইকেল চালিয়ে এবং তার সঙ্গে আরোহী হিসেবে রমজান বেপারী মাদারীপুর শহর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী বাস নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে পথেই মোটরসাইকেল চালক আশিক আকনের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রমজান বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আশিক আকনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধুলগ্রাম বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
