কেন বিশ্বকাপ খেলতে গেল না বাংলাদেশ, তদন্তে কমিটি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চলতি বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. একেএম অলি উল্লাহকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। গত রবিবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার পেছনের কারণ, প্রশাসনিক জটিলতা, সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের ভূমিকাসহ সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবে এ কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সুপারিশও প্রদান করবে তদন্ত দল। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা ক্রিকেট। সে ক্ষেত্রে বিশ্বকাপের মতো বড় আসরে দলের অনুপস্থিতি ক্রীড়াপ্রেমীদের মধ্যে হতাশা তৈরি করে। খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ছিলেন বলে পরবর্তীতে জানা গেলেও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিসিবির এ সিদ্ধান্ত দেশের ক্রিকেট মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। অনেকেই বিষয়টিকে দেশের ক্রিকেট প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছেন।

এদিকে তদন্ত কমিটি গঠনের খবরে ক্রীড়াঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটিত হলে ভবিষ্যতে জাতীয় দলের আন্তর্জাতিক অংশগ্রহণ আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ^কাপে খেলতে যাবে না বলে জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ নজরুল। ২০ দলের আসরটিতে পরবর্তীতে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।