জাহাজ নির্মাণ, শিপ রিসাইক্লিং (জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ), নৌপরিবহন ও বন্দরভিত্তিক অবকাঠামো উন্নয়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। গত ১০মে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের এক বৈঠকে এসব বিষয় উঠে আসে। রাজধানীতে বিডা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠকে নেদারল্যান্ডস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুস ডাইকস্ট্রা। তাদের সঙ্গে ছিলেন টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতে কাজ করা প্রতিষ্ঠান নেস্ট্রা বি.এ.-এর জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা।
এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহরারুল হুদা। এছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কর্তৃপক্ষের প্রতিনিধিরাও অংশ নেন।
আলোচনায় উন্নত মানের জাহাজ নির্মাণ ও আধুনিক রক্ষণাবেক্ষণ সুবিধা, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ শিপ রিসাইক্লিং ব্যবস্থা, সামুদ্রিক ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন বাড়ানো এবং বন্দর ও অভ্যন্তরীণ গন্তব্যের মধ্যে সংযোগ জোরদারের বিষয় গুরুত্ব পায়। এছাড়া কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং সামুদ্রিক দক্ষতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। বিডার পক্ষ থেকে স্মার্ট ও গ্রিন লজিস্টিকস করিডরভিত্তিক সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়।