জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এর আগের সভায় প্রকল্প প্রস্তাবটি উত্থাপন করা হলেও পাস হয়নি। আগামীকাল বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হবে। সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প।
জানা গেছে, প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে লবণাক্ততা কমবে, কৃষি উৎপাদন বাড়বে। পরিবেশগত সমস্যা দূর হবে। দেশের কৃষি ও জীববৈচিত্র্য বাঁচবে।