চাঁদাবাজির মিথ্যা অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে!

রাজধানীর মিরপুরের এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বিপাকে পড়েছেন। থানায় অভিযোগ না দিয়েও ওই বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের গণমাধ্যমকে মিথ্যা তথ্য দেন জাহিদুল নামের এক ব্যক্তি। 

বিপাকে পড়া ওই বিএনপি নেতার নাম মফিজুর রহমান মামুন। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। 
জানা যায় কয়েকদিন আগে, মোঃ জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি সংবাদপত্রে ভুক্তভোগী হিসেবে তথ্য দেন যে, তিনি বাড়ি নির্মাণ কাজ শুরু করতে গেলে দুটি বিদেশি নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং পাঁচ দিনের মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বিএনপি নেতা মামুনের নাম উল্লেখ করে থানায় তিনি অভিযোগ দিয়েছেন । 

সংবাদ মাধ্যমে এমন খবর দেখার পর বিএনপি নেতা থানায় খোঁজ নেন। জানতে পারেন তার নামে এমন কোন অভিযোগ থানায় কেউ দেয়নি। জাহিদুলের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।

বিএনপি নেতা মামুন সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে নিজে কোন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নই। দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে সেখানেও প্রতিবাদ করেছি। দলের প্রতিটি নির্দেশনা মেনে রাজনীতি করছি। এলাকার কেউ বলতে পারবেনা কারও প্রতি আমি অন্যায় করেছি। একেবারে উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদপত্রে আমার বিরুদ্ধে এমন মিথ্যা তথ্য দেয়া হয়েছে। 

এদিকে জাহিদুল ইসলাম বলেন, আমার কাছে কেউ চাঁদাও চায়নি কিংবা থানায় আমি কোন লিখিত অভিযোগ দেইনি। আমি বুঝতে পারিনি আমার নাম ব্যবহার করে সংবাদ প্রকাশ হবে। আমার ঘটনার সাথে বিএনপির নেতা মফিজুর রহমান মামুন জড়িত নন এই বিষয়ে আমি থানায় একটি লিখিত আবেদনও করেছি।

অপরদিকে পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, তার বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত কোন অভিযোগ নেই। আর জাহিদুল ইসলাম নামের যে ব্যক্তি সংবাদ মাধ্যমে এমন ধরনের অভিযোগ দিয়েছেন তাকে আমরা ডেকেছিলাম। কেউ কোন চাঁদাদাবি করেছে কি না তাকে জিজ্ঞাসা করেছি সে বলেছে তার কাছে কেউ চাঁদা চায়নি। তার অভিযোগটি আসলে সঠিক ছিল না।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের চাঁদাবাজ ধরার অভিযান চলছে। এখানে কে কোন দলের এটি বিবেচনা করা হচ্ছেনা।