নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টায় উপজেলার গোদনাইল এলাকায় লেকের পানিতে মরদেহ দুটি ভেসে উঠে। নিহত দুই শিক্ষার্থী গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থী মনিরুল (১৫) মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মো. জাকিরের ছেলে এবং শুভ (১৫) পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তারা মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা ভূঁইয়া সিটি মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার গোসল করতে লেকে নামে।
কিন্তু এদের মধ্যে তিনজন বাড়ি ফিরলেও মনিরুল ও শুভ নিখোঁজ ছিল। তখন পরিবারের সদস্যরা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ জানান, ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে আমরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি।