নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় পরকিয়া সন্দেহে স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যার দায়ে স্বামী মো. মোক্তার আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মোক্তার আলী (৪৭) গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ফাতেমা আক্তার রেখার (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বামী মোক্তার আলী পরকিয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। ওই মামলায় আদালতে ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।
