যুদ্ধবিরতি শেষে আবারও ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা

অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে আবারও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (১২ মে) ভোরে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী কিয়েভসহ একাধিক শহরে নতুন করে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর ড্রোন হামলায় কিয়েভ, জাপোরিঝঝিয়া, দনিপ্রো, খারকিভ ও খেরসন শহর লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় সুমি ও দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

গত শনিবার থেকে কার্যকর থাকা তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই এই হামলা শুরু হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে জানান, একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ রাজধানীর একটি ২০ তলা আবাসিক ভবনের ছাদে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 
স্থানীয় গণমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, শহরের ভেতরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হতে আহ্বান জানান। সেই আহ্বানের পর দুই দেশই মূলত বিমান হামলা থেকে বিরত ছিল, তবে স্থলযুদ্ধে একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করে আসছিল।

এই স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের বার্ষিকী উদযাপনের সময় কার্যকর ছিল। তবে তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও উত্তেজনা ও হামলা বেড়ে গেছে।