সৌরভের জোড়ায় ফেড কাপের ফাইনালে মোহামেডান

আরও একবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠে গেছে মোহামেডান। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে সৌরভ দেওয়ানের জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করেছে সাদা-কালোরা। 

আগামী ১৯ মে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের সঙ্গে ফাইনাল খেলবে মোহামেডান। এই টুর্নামেন্টে এটি তাদের ১৭তম ফাইনালে। আগের ১৬ বারের মধ্যে ১১ বার প্রতিপক্ষকে শিরোপা জিতেছে তারা। ৫ বার রানার্সআপ ট্রফি জিতেছিল মতিঝিল পাড়ার ক্লাবটি। 

নিয়মিত কোচ আলফাজ আহমেদের অনুপস্থিতিতে অন্তর্বর্তী দায়িত্বে থাকা আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে দারুণ ছন্দে রয়েছে মোহামেডান। লিগের ধারাবাহিক সাফল্যের পর ফেডকাপেও সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহামেডান। সৌরভ দেওয়ান ও মোজাফফরভকে ঘিরে একের পর এক আক্রমণে চাপে পড়ে ব্রাদার্সের রক্ষণভাগ। ম্যাচের ৩৬ মিনিটে প্রথম সাফল্য আসে মোহামেডানের। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন সৌরভ। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সাদা-কালোরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাদার্স। ৭৪ মিনিটে ফ্রিকিক থেকে দারুণ এক গোলে সমতা ফেরান জামাল ভূঁইয়া। জাতীয় দলের অধিনায়কের এটি ছিল চলতি মৌসুমে প্রথম গোল। গোলের পর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়।

তবে শেষ হাসি হেসেছে মোহামেডানই। ম্যাচের অন্তিম মুহূর্তে আবারও জ্বলে ওঠেন সৌরভ দেওয়ান। নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি। এ নিয়ে ফেডারেশন কাপে এক হ্যাটট্রিকসহ ছয় গোল করলে সৌরভ দেওয়ান। অথচ বিদায়ী কোচ আলফাজের সময়ে সৌরভ ছড়াতে পারেননি তিনি। কারণ তাকে সুযোগই দেওয়া হতো না।  

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ব্রাদার্সের এক ফুটবলারের ঘুষিতে আহত হন উজবেকিস্তানের ফরোয়ার্ড মোজাফফরভ। এরপর দুই দলের ফুটবলাররা মাঠে প্রবেশ করে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় ম্যাচ কর্মকর্তাদের। মোহামেডনের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘ম্যাচ শেষে কোন কারন ছাড়াই সেনেগালের মোহামেদ দিয়ারা চড়াও হয় আমাদের ফুটবলারদের উপর। জাহিদ হাসান শান্তর নাক ফাটয়ে ফেলে। মোজাফফরভকেও আঘাত করে। আমরা এ বিষয়ে ম্যাচ কমিশনারের কাছে নালিশ করেছি। শৃংখলা কমিটির কাছেও এর বিচার চাইব।’ ব্রাদার্সের ম্যানেজার অবশ্য বললেন ভিন্ন কথা, ‘মোহামেদ দিয়ারার আমাকে জানিয়েছে, তার মাকে নিয়ে শান্ত ও মোজাফফরভ গাল দিয়েছে। তাই সে এই কা- ঘটিয়েছে।’