ত্বকের যত্নে আম

পাকা আম ব্রণ এবং ব্ল্যাকহেড দূর করার পাশাপশি রোদে পোড়া ভাবও সারায়। সতেজ ও কোমল ত্বকের জন্য আমের ফেসপ্যাক কীভাবে বানাবেন জানালেন গ্ল্যামার ওয়ার্ল্ডের রূপ বিশেষজ্ঞ আনজুম বারী

ব্রণ দূর

আমে ভিটামিন এ রয়েছে। ব্রণ দূর করতে আমের ভিটামিন এ খুব কার্যকর। ত্বকের যতেœ রেটিনল হিসেবে বেশি পরিচিত। বিশেষ করে মধুর সঙ্গে মিলিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যায়।

 কীভাবে বানাবেন : আমের পাল্প ৪ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, বাদাম তেল  দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া সিকি টেবিল চামচ। সব উপাদান মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখের ত্বক লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। ভেজা ভাব থাকা অবস্থায় হালকা গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন।

ব্ল্যাকহেডস হয় না

আমে পাওয়া যায় আলফা-হাইড্রোক্সিল এসিড। চালের গুঁড়ার সঙ্গে আমের পাল্প মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহারে ব্ল্যাকহেডস দূর হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আম মুখের স্ক্রাব হিসেবে ত্বকের এক্সফেলিয়েশন করে। ত্বকের মৃত কোষ ও ব্ল্যাক হেডস দূর হয়।

কীভাবে বানাবেন : আমের পাল্প ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, তরল দুধ ১ টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ত্বকে প্যাকটি দিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। হালকা ভেজা থাকা অবস্থায় পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বক তৈলাক্ত থাকে না

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে খুব বেশি ব্রণ হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া সানবার্নও বেশি হয়। আম ও মুলতানি মাটি দিয়ে বানানো ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করে। ত্বক পরিষ্কার ও সতেজ রাখে।

কীভাবে বানাবেন : আমের পাল্প ২ টেবিল চামচ, মুলতানি মাটি ১ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ ও তরল দুধ সিকি কাপ। সব উপকরণ একত্রে মিশিয়ে ফেসপ্যাক  বানান। ব্যবহারের আগে মুখের ত্বক ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এরপর প্যাক দিয়ে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।