পুশইন যাতে না হয়, সীমান্তে সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিজিবিকে আমরা সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি। বিজিবি সতর্ক আছে, যাতে কোনো রকম পুশইন না হয়। 

গতকাল মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে মুসলমানদের নির্যাতন এবং এর জেরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের শঙ্কার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে ওইভাবে আসেনি, কিছু সোশ্যাল মিডিয়ায় পুরনো চিত্র আসছে। ওখানে নির্যাতনের সে রকম কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা (সাংবাদিক) তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, সে রকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে টানাপড়েন শুরু হতে পারে কিনা  জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় সীমানার মধ্যে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে যদি দিতে চায়, সেটা নিয়ে কূটনৈতিকভাবে আমাদের আলাপ-আলোচনা হবে, কিন্তু সে রকম কোনো ইস্যু ভারত সরকারের পক্ষ থেকে দেখিনি। কোনো দেশের অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনের ফল কী হলো এবং এর প্রভাব কী হবে তা তাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। অঙ্গরাজ্যের নির্বাচনের পর বিজয়ী দল কোনো বক্তব্য দিয়ে থাকলে আমাদের সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এর জবাব দিতে পারি না। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের জানালে কূটনীতিক পথে কথা হবে। সেটা পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব সীমান্তে নিরাপত্তা নিশ্চিত রাখা। যাতে কোনো পুশইন না হয় সেটার ব্যবস্থা করা। বিজিবিকে আমরা সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি অনেক আগেই।

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে গোয়েন্দা নজরদারি : ঈদুল আজহা সামনে রেখে সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চামড়ার গুণগত মান রক্ষায় কোরবানি-পরবর্তী দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচার চালানো হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের বিষয়ে মন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী এবং পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঈদুল আজহার প্রাক্কালে এবং পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল ঈদের আগের সাত দিন এবং পরের সাত দিন সার্বক্ষণিক কার্যকর থাকবে। এ ছাড়া র‌্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ সব গোয়েন্দা সংস্থাকে সমন্বিত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জনসাধারণের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) ও বিআইডব্লিউটিএসহ (১৬১১৩) সংশ্লিষ্ট দপ্তরগুলোর হটলাইন নম্বরগুলো চালু থাকবে।

এবার সারা দেশে চার হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট বসবে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জাল নোট শনাক্তে প্রতিটি হাটে ব্যাংকগুলোর বুথ ও মেশিন থাকবে। এ ছাড়া ইজারাদারদের চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ‘অঙ্গীভূত আনসার’ নিয়োজিত থাকবে।