বিরোধীদলীয় নেতা বললেন

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজারব্যবস্থা অস্থির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর শাহআলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ৬টার দিকে বাজারের বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে।

বাজার পরিদর্শনকালে তিনি নিত্যপণ্যের বাজারমূল্য যাচাই করেন, কাঁচামাল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় ব্যবসায়ীরা বিরোধীদলীয় নেতার কাছে তাদের নানা সমস্যা তুলে ধরেন এবং সমাধানের আহ্বান জানান। জামায়াত আমির তাদের সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান প্রমুখ।