কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির আলহাজ আনোয়ার হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক মুসলিম পরিবারে ১৯৬২ সালে তার জন্ম। এসএসসি পাসের পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) যোগদান করেন। দীর্ঘদিন চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং সর্বশেষ ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, আলহাজ আনোয়ার হোসেন ছিলেন ইসলামের পক্ষে নিবেদিতপ্রাণ কর্মী ও প্রবীণ রাজনীতিবিদ। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে একজন দক্ষ সংগঠককে হারালাম।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন শোক প্রকাশ করে বলেন, আলহাজ আনোয়ার হোসেন ছিলেন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তাঁর অবদান ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মণ্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা মুখ্য সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আন নূর ফাউন্ডেশন ও আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।