বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- হায়দরাবাদ গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে মো. আল আমিন (৩৪) ও একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)। এসময় একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পালিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এর নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে মাদকসহ আটক করে। এসময় অপর আসামি খায়ের মিয়া সুকৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ আটককৃতদের তল্লাশি করে তাদের নিকট থেকে ২ বোতল বিদেশি মদ এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আরও ৬ বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।