ধর্মমন্ত্রীর আরোগ্য কামনায় দোয়ার আহ্বান হেফাজতে ইসলামের

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:৫৮ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশের সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি’র আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত।ধর্মমন্ত্রী বর্তমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।

হেফাজত নেতৃদ্বয় বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করব। 

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি'র দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহ তা'আলার দরবারে দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র শিক্ষক নিয়ে ধর্মমন্ত্রী আলহাজ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি'র দ্রুত রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার দারুল উলুম হাটহাজারী মাদরাসায় বাদ জোহর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ। এছাড়াও জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ। কুমিল্লা আশরফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত