নরসিংদীতে যুবলীগের ঝটিকা মিছিল

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর ও রায়পুরা উপজেলার সীমান্তবর্তী স্থানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ।  

বুধবার (১৩ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর সামনে গিয়েই শেষ করে অংশগ্রহণকারীরা যার যার মত সটকে পড়ে। 

এ সময় মিছিলকারীদের মধ্য থেকে একজন ফেসবুকে লাইভ করেন।

মিছিলে অংশগ্রহণ করেন রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদন, শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমনসহ ২০-২৫ জন।

রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, মরজাল ইউনিয়ন যুবলীগ-নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় সাত মিনিট অবস্থান করে শেষ করে দেয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনূর মিয়া জানান, তদন্ত চলছে, তাদের নাম পরিচয় বলা যাবে না।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরার বর্ডারে ১৫-২০ জনের মত যুবক জড়ো হয়েছিল। ইতিমধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করেছি। এদের মধ্যে তিন জনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুই জনের বাড়ি শিবপুর উপজেলায়। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।