পিরোজপুর 

নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত দুই শিশু হলো আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের সন্তান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই শিশু তাদের মায়ের সঙ্গে দুই দিন আগে নানা বাড়িতে বেড়াতে আসে। নানা বাড়ির পাশেই একটি পুরোনো খাল সম্প্রতি সরকারি উদ্যোগে খনন করে গভীর করা হয়। মঙ্গলবার তাদের মা ওই খালে গোসল করতে গেলে দুই শিশুও তার সঙ্গে যায়। সেদিন গোসলের সময় খালের পাড়ের পিচ্ছিল মাটিতে পা পিছলে পড়ে তারা।

বুধবার সকালে বড় ছেলে আব্দুর রহমান বাড়ির টিউবওয়েল থেকে পানি তুলে মাকে কাজে সহায়তা করে। পরে দুপুরের দিকে মায়ের অগোচরে দুই ভাই বাড়ির পাশের খালের দিকে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের খালে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, এক ভাই অসাবধানতাবশত খালে পড়ে গেলে অন্য ভাই তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।