বিশ্বের ৯০ শতাংশ মানুষ ডানহাতি। এর পেছনে মূলত বিবর্তন, মস্তিষ্ক গঠন এবং জেনেটিক কারণ জড়িত। লাখ লাখ বছর ধরে মানুষের মস্তিষ্কের গঠন এমনভাবে বিকশিত হয়েছে, যেখানে বেশিরভাগ মানুষের ডান হাত ব্যবহারের প্রবণতা প্রবল। আদিম মানব যেকোনো কাজে ডান হাত ব্যবহার করত। বর্তমানে লেখালেখি, খাওয়াদাওয়া কিংবা মোবাইল ঘাঁটাঘাঁটি যেকোনো কাজে ডান হাত আগে এগিয়ে দেওয়ার প্রবণতা প্রবল। কিন্তু কেন? বাঁ হাতের পরিবর্তে নির্দিষ্ট করে ডান হাতই কেন এগিয়ে দেওয়া হয়? কবে থেকে শুরু হলো এই প্রবণতা? একই ধরনের একাধিক অঙ্গের ক্ষেত্রে কোনো একটি অঙ্গকে বেছে নেওয়ার প্রবণতা শুধু মানুষের মধ্যে নয়, অনেক মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে। কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণীর মধ্যেও এমন প্রবণতা দেখা যায়। তবে মানুষের সঙ্গে তার ফারাক রয়েছে। মানুষের ক্ষেত্রে যেমন ৯০ শতাংশ এই প্রবণতাকে আত্মীকরণ করেছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা ৫০ শতাংশের বেশি দেখা যায়নি। আদিম মানবের কাজের বৈশিষ্ট্য অনুসন্ধান করে গবেষকরা দেখেছেন, ২৬ লাখ বছর আগে পাথরের তৈরি প্রাচীনতম যন্ত্রপাতিও নির্মাণ করেছিলেন ডানহাতিরা। তার একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। এ থেকে প্রমাণিত হয়, আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সের অস্তিত্বেরও আগে, হোমো ইরেক্টাস পুরোপুরি বিকশিত হওয়ার আগে হোমিনিনদের মধ্যেই ডান হাতে কাজ করার প্রবণতা দেখা দিয়েছিল। নিয়ানডারথালদের ডানহাতি প্রবণতার প্রমাণ আরও স্পষ্ট। বিজ্ঞানীরা নিশ্চিত, আদিম মানুষের ডানহাতি প্রবণতা নির্দিষ্ট কোনো বয়সের পর বিকশিত হয়নি। বরং তা ছিল জন্মগত।