বিএসএফের গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত

​লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে ওই সীমান্তের বনচৌকি বিওপি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

​স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, রাত ২টার দিকে সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর কাছে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি অবস্থান করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।

​এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। পরে তার সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

​তিনি জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে একজনের নিহতের খবর তারা পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।