গজারিয়ায় ৬৬ সুফলভোগীর মাঝে বাছুর ও ছাগল বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৪১ জন সুফলভোগীর মাঝে প্রত্যেককে ২ টি করে ৮২ টি ছাগল এবং ২৫ জন সুফলভোগীদের মাঝে ১ টি করে ২৫ টি বকনা বাছুর বিতরণ করা হযয়েছে। 

বৃহস্পতিবার (১৪মে) সকাল ১০টায় উপজেলার ভবেরচরস্থ প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা: আবদুর রহিম, জেলা প্রাণিসম্পদ অফিসার এমএ জলিল, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো. রিগান মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: মো. রকিবুল হাসান, আশিকা হায়দারি প্রমুখ।

প্রকল্প পরিচালক ডা: মো. আব্দুর রহিম বলেন, মানিকগঞ্জ, ঢাকা,মুন্সীগঞ্জ,রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর এই সাত জেলার ৩১ উপজেলার ১২০ ইউনিয়নের ৬৩৩টি চর এই প্রকল্পের অন্তর্ভুক্ত। চরাঞ্চলের মানুষের জীবন উন্নয়ন করাই এই প্রকল্পের উদ্দেশ্য। চরাঞ্চলের মানুষের সাড়া বছরই অনেক অলস সময় পার করে। বিশেষ করে মাছ ধরার পর তাদের হাতে আর কোন কাজ থাকে না। তাই এই প্রকল্পের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা হাঁস মুরগী, ভেড়া, বাকনা বাছুর, ছাগল বিতরণ করি। এতে তারা আর্থিক ভাবে লাভবানের পাশাপাশি নিজেদের আমিষের চাহিদাও পূরণ করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান রতন এমপি বলেন, চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে এটি একটা অনন্য প্রকল্প। এই প্রকল্পের আওতায় হাঁস মুরগী বাকনা বাছুর, ছাগল ভেড়া বিতরণের পাশাপাশি লালন পালনের জন্য টাকা ও পশু খাদ্যও দেওয়া হয়। চরাঞ্চলের এই মানুষগুলো স্বাবলম্বী হলেই সরকারের এই প্রকল্প সার্থক হবে।