মুন্সীগঞ্জ

জনদুর্ভোগ কমাতে কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় জনদুর্ভোগ লাঘবে নিজ হাতে মাথাভাঙা খালের কচুরিপানা পরিষ্কার করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা খালে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটি’র সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

কচুরিপানা পরিষ্কারের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় পূর্ণ থাকায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং নৌ চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভালো কাজের কোনো দল বা রাজনৈতিক রং থাকে না; ভালো কাজ আমরা সবাই মিলেমিশে করব। জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদসহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে চাই এবং ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে চাই।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিনী নূরে জান্নাত রশ্নি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, আহসান উল্লাহ, মোতাহার হোসেন জাহাঙ্গীর, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক এবং জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না।

এছাড়া উপজেলা জামায়াতের আমির মো. নূরে আলম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক সেলিম মিয়া, নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি আজিজুল হক পার্থ, পরিবেশ আন্দোলনের শফিক ঢালী, গজারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, পরিবেশকর্মী নুরুল আমিন সরকার, আক্তারুজ্জামান শিকদার, আলমগীর হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত