রংপুরে নারী খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

‘দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি’ এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলায় ‘নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার একটি হোটেলে ওই প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টর| দুগ্ধ খামারি হিসেবে দিনব্যাপি ওই প্রশিক্ষণে ১০০জন নারী উদ্যোক্তা অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন রংপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজা আক্তার মুন্নি, রংপুর সদর উপজেলা ভেটেনারি সার্জন ডা. বিকাশ রায়, রংপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মাহাবুবুর রহমান, ব্র্যাকের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক রুহুল আমিন ও ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ভাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ইসরাত জাহান ঈশিতা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ডেইলি এন্ড ফুড প্রজেক্টের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আল আমিন। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেইলি এন্ড ফুড প্রোজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. মির্জা গালিব, এলাকা ব্যবস্থাপক কার্তিক কুমার ঘোষ, সহকারি প্রকৌশলী শাহিনুর ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ নিতে আসা পীরগাছা উপজেলার শরিফ সুন্দার গ্রামের উদ্যোক্তা জুঁই আক্তার বলেন, ‘বাড়িতে ৭টি দুধেল গাভী আছে। নিজ হাতে গাভিগুলোকে লালন পালন করছি। আজকের এই প্রশিক্ষণে এসে অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম। যা আগামী দিনে গাভি পালনে কাজে লাগাতে পারবো।’