মানিকগঞ্জে আগামীতে বিঘায় ৬০ মন ধান ফলন হবে

মানিকগঞ্জে আগামী দিনে বিঘায় ৬০ মন পর্যন্ত ধান ফলনের আশা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২০২৫–২০২৬ বোরো মৌসুমে স্থাপিত প্রদর্শনী প্লটে ব্রি ধান-১০২ জাতের ধান কাটা উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

মহাপরিচালক বলেন, ব্রি ধান-১০২ জাতের ভাতে পুষ্টিগুণ বেশি থাকায় কৃষকদের এ জাত বেশি বেশি চাষ করা উচিত। উচ্চ ফলনশীল এই জাত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জিংক ও পুষ্টিগুণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘সঠিকভাবে ও পরিমিত মাত্রায় সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। শুধু বেশি সার দিলেই ফলন বাড়ে না।’ এ সময় তিনি ভুট্টা চাষ কমানোরও পরামর্শ দেন।

কৃষির আধুনিকায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় কৃষকদের পায়ে জুতা থাকত না, এখন তারা মোটরসাইকেল নিয়ে মাঠে যান। ভবিষ্যতে কৃষকরা গাড়ি নিয়ে মাঠে যাবেন বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ঢাকা অঞ্চল) গোলাম মোস্তফা খান, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক মো. কাইয়ুম চৌধুরী, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোসাম্মৎ শামসুন্নাহারসহ অনেকে।

পার্টনার (PARTNER) প্রকল্প ও ব্রি’র অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা কৃষি অফিস সার্বিক সহযোগিতা করে।

অনুষ্ঠানের আগে অতিথিরা প্রদর্শনী প্লটে ধান কাটেন। পরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক-কৃষাণীসহ জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন।