কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. শরীফুল করীম কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐতিহাসিক শীষপুর সাহেববাড়ি এলাকায়। পরে তাঁদের পরিবার চৌয়ারার মাটিয়ারায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। উচ্চশিক্ষার অংশ হিসেবে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) থেকে পোস্ট-কলোনিয়াল লিটারেচারের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৮তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন। দীর্ঘদিন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে শিক্ষকতা করার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, কারিকুলাম কমিটি ও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. শরীফুল করীম জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। গবেষণা ক্ষেত্রেও দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকার যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’