আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি আয়োজিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে আইডিএলসি পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার; অন্যান্য পরিচালক–এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আখতার আহমেদ; রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ওয়াসিফুল হক; কাজী মাহবুব মাসুদ, এফসিএ; মোঃ জাকির হোসেন; স্বতন্ত্র পরিচালক – নূর-উন-নাহার, চেয়ারম্যান, অডিট কমিটি; মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান; এবং আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন; গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, এফসিএ; ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, এফসিএস, এফসিএমএ, সিজিএমএ, এফসিপিএ।
সভায় বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং তাদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, ‘দেশের আর্থিক খাত এমন একটি পর্যায় অতিক্রম করছে, যেখানে শুধু ব্যবসায় টিকিয়ে রাখতে পারাই যথেষ্ট নয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন তাদের বাজারভিত্তিক পূর্বপ্রস্তুতি ও দূরদর্শিতার মানদণ্ডে মূল্যায়ন করা হয়। ২০২৫ সালে আইডিএলসি ঝুঁকি ব্যবস্থাপনা ও মূলধনের সঠিক উপযোগিতা লাভে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে যথোপযুক্ত খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এই এজিএমে অনুমোদিত লভ্যাংশ আমাদের সেই ভারসাম্য বজায় রাখা এবং পরিবর্তনশীল বাজারে আত্মবিশ্বাস ধরে রাখার সক্ষমতারই প্রতিফলন।’
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘গত বছরে আমরা ব্যবসার কাঠামোগত মানোন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছি। কার্যসক্ষমতা বাড়ানো এবং সুশৃঙ্খল পোর্টফোলিও ব্যবস্থাপনার মাধ্যমে আইডিএলসি এখন আরও দৃঢ় অবস্থানে রয়েছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক, কারণ গ্রাহক ও অংশীজনেরা এখন এমন আর্থিক অংশীদারই সন্ধান করেন, যারা নির্ভরযোগ্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি কার্যকর পরামর্শ সেবাও দিতে সক্ষম।’
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি প্রসঙ্গে বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ১৭ শ’রও বেশি কর্মীবাহিনী নিয়ে আইডিএলসি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), কনজ্যুমার, এবং কর্পোরেট খাতে বিস্তৃত পরিসরে আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রেও বাজারে নির্ভরযোগ্য ভূমিকা করছে।
আইডিএলসি টানা ১৪ বছর ধরে ‘ট্রিপল-এ’ (এএএ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির সুদক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার পরিচয় দেয়। ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে দায়িত্বশীল চর্চা ও দৃঢ় প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে নানা খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, যেমন ব্লুমবার্গ, এশিয়ামানি, সাফা, আইসিএবি, আইসিএমএবি প্রভৃতির স্বীকৃতি অর্জন করেছে আইডিএলসি।