১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আক্রমণভাগে অবিশ্বাস্য গভীরতা এবং গোলরক্ষক পজিশনে এক তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই মাস্টারমাইন্ড।
দলে সবথেকে বড় চমক লাঁসের ২১ বছর বয়সী গোলরক্ষক রবিন রিসার। চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত পারফর্ম করে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। মাইক ম্যাগনান এবং ব্রাইস সাম্বার ব্যাক-আপ হিসেবে ৩ নম্বর গোলরক্ষক হিসেবে তাকে দলে নিয়েছেন দেশম।
বিশ্বকাপ জয়ে ফেভারিট গতবারের রানার্সআপ ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে ফুটবল বিশ্ব ইতিমধ্যেই থরথর কম্পমান। দলে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি’অর বিজয়ী উসমান ডেম্বেলে, দেজিরে দুয়ে, মাইকেল অলিস এবং রায়ান চেরকি।
সবথেকে বড় খবর হলো, ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জঁ-ফিলিপ মাতেতাকে দলে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন গত বিশ্বকাপের ট্র্যাজিক হিরো রানদাল কোলো মুয়ানি। টটেনহ্যামের এই স্ট্রাইকার গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তে গোল করার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলেন। এ ছাড়া রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকেও রাখেননি দেশম।
এবারের বিশ্বকাপে 'আই' গ্রুপে লড়বে ফ্রান্স। সেখানে তাদের প্রতিপক্ষ- সেনেগাল, ইরাক ও নরওয়ে।
ফ্রান্সের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: মাইক ম্যাগনান, ব্রাইস সাম্বা, রবিন রিসার।
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়ো উপামেকানো, জুলস কুন্ডে, থিও হার্নান্দেজ, বেঞ্জামিন পাভার্ড, ওয়েসলি ফোফানা, লুকাস হার্নান্দেজ।
মিডফিল্ডার: অরেলিয়ান চুয়ামেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা, ওয়ারেন জাইর-এমেরি, আদ্রিয়েন রাবিওত, ইউসুফ ফোফানা, ম্যাগনাস আকলিউশ।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক), উসমান ডেম্বেলে, মাইকেল অলিস, রায়ান চেরকি, ডেসিরে দুয়ে, জঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম, ব্র্যাডলি বারকোলা, ক্রিস্টোফার এনকুনকু।