কবিতা

জগতে, আনন্দযজ্ঞে

কী এক বিস্ময়কর অবসন্ন জীবন পেয়েছি!

আলো ঝলমলে হারেমের এক কোণে
বসে আছি তমিশ্রার মতো নতমুখে

ঘোমটা খুলল ভোর—আগন্তুক, এ
প্রাসাদেও রাত ফিকে হলো ক্রমে—
গলিত মোমের-দেহ নিঃসৃত আলো
নির্বাপিত হতে হতে একটুকু এদিকে তাকাল

নর্তকী, তোমার লাস্য চেয়ে চেয়ে দেখি
ঘাগরার ঘেরে মধ্যযুগী অন্ধকার
ঘাপটি মেরে আছে, আর
ঝালরে ঝালরে
সে জ্বলে আলেখ্যসম।

রূপ দেখি তার
অরূপ আনন্দ হয়ে
ওপাশে দেয়াল থেকে কাতর সঙ্গম ভেসে আসে
পাহারায় থাকি—আমি—
রুদ্ধ করে কামনার অলঙ্ঘ্য দরজা

জগতে আনন্দযজ্ঞে, প্রত্যর্পিত হারেমের খোঁজা।