ইনুর মামলার রায় যেকোনো দিন

গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার মামলাটির সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বছরের ২ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এ মামলায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে। গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্কের উপস্থাপন শুরু হয়।