‘শিশু স্বর্গ’ মডেল কর্মসূচির উদ্বোধন জুবাইদা রহমানের

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ’ মডেল কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। এর আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, প্রতিবন্ধিতা যেন শিশুকিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়, সে লক্ষ্যে কড়াইলে শিশু স্বর্গ প্রকল্পের আরম্ভ। আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী খালেদা জিয়াকে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। কোনো প্রতিবন্ধিতা যেন শিশুকিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। তিনি বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় প্রয়োজন সঠিক ও সময়োপযোগী সহযোগিতা। নির্দিষ্ট সময়ে চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশুকিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ করা সম্ভব। শিশু স্বর্গ প্রকল্প শিশুকিশোরদের মায়েদের জন্য তৈরি করবে সাপোর্ট গ্রুপ। আত্মবিশ্বাসই বাড়াবে বিষণœতার অন্ধকার থেকে মা-কিশোরদের উজ্জ্বল ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ জোনায়েদ সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ ছাড়া ‘শিশু স্বর্গ মডেল’বিষয়ক সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান প্রমুখ।