জাতীয় হৃদরোগ হাসপাতালের ১১ জনের বিরুদ্ধে মামলা 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে চিকিৎসাধীন অবস্থায় অবহেলাজনিত কারণে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল বাদী আবু হুরায়রার জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানার ওসিকে তদন্ত করে আগামী ১৬ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান ম-ল বিষয়টি নিশ্চিত করেন। মামলায় অন্য আসামিরা হলেন হৃদয় জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এস.এম.এফ নিরব হোসেন, ডা. সিরাজুল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিকিউরিটি গার্ড সাইদুর, ওয়ার্ডবয় শহিদ, আশিক, সামিউল এবং মশিউর রহমান লাভলু, হৃদয় জেনারেল হাসপাতালের ম্যানেজার, সহকারী ম্যানেজার ও রিসিপশনিস্ট জুনায়েদ।

বাদী তার অভিযোগে বলেন, তার বাবা জিন্নাত আলী অসুস্থ হয়ে পড়লে প্রথমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করা হলে গত ২৬ ফেব্রুয়ারি সিসিইউতে ভর্তি করা হয়। এ সময় ওয়ার্ড বয় শহিদ রোগীর হার্টে সমস্যা নেই দাবি করে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন। আসামিদের কথামতো সেখানে ভর্তি করানো হলে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাদীকে মারধর ও রোগীর চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। পরে ধারদেনা করে টাকা পরিশোধের পর রোগীকে পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, রোগীর যথাযথ চিকিৎসা হয়নি। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে জিন্নাত আলী মারা যান।  গত ২৮ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে বাদীকেও মারধর করে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলে উল্লেখ করেন।