রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ছয় চীনা নাগরিকসহ ৯ জন এবং জাল নোট তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক বলে জানিয়েছে ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন এমএ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝু, মো. কাউসার হোসেন, মো. আব্দুল-কারিম ও রোকন উদ্দিন। শফিকুল ইসলাম বলেন, গত বুধবার সকালে নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও বিকাশ-নগদের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগের রূপায়ণ হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ছয় লাখ টাকা, একটি মাইক্রোবাসসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ আলামত। একই দিন ডিএমপির ডিসি (মিডিয়া) এনএম নাসিরুদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার উত্তরা পূর্ব থানার সমবায় বাজার মার্কেটের সামনে থেকে জাল নোট তৈরি চক্রের সদস্য মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চার লাখ টাকার জাল নোট এবং পূর্বে বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার হয়। পরে তার দেওয়া তথ্যে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ লাখ টাকার জাল নোট এবং একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপসংবলিত সাদা কাগজ, ১০০টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ, অপর পাশে সাদা, দুই লিটারের দুটি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুটি ডাইস উদ্ধার করা হয়।