আর্টিস্ট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা

শিল্পী-সাহিত্যিকদের নতুন প্ল্যাটফর্ম-দি আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল ২০২৫ সালের ১৪ আগস্ট। কিন্তু এর কার্যক্রম ছিল নিজেদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গতকাল এর কার্যক্রম সবার সামনে তুলে ধরা হয়। রাজধানীর বনানীর আর্টিস্ট ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি সুজিত মোস্তফা বলেন, ‘আর্টিস্ট ক্লাব দেশের সব মাধ্যমের শিল্পী-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে তাদের অধিকার আদায় এবং দেশে শিল্প-সংস্কৃতির উন্নয়নে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। প্রাথমিকভাবে বিভিন্ন শিল্পমাধ্যমের ১২১ জন শিল্পী, সাহিত্যিক ও শিল্পানুরাগীকে নিয়ে এ ক্লাবটি যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে আরও অনেকে যুক্ত হবেন বলে তিনি জানান।

ক্লাবের সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী মারুফ কবির বলেছেন, ‘২০২৫ সালের আগস্ট মাসে আর্টিস্ট ক্লাব যাত্রা শুরু করে। কিন্তু এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে প্রতি সপ্তাহেই ক্লাবে সংগীতানুষ্ঠান, কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই এক বছরে ৮০টির মতো সাপ্তাহিক অনুষ্ঠান হয়েছে। বস্ত্রমেলার মতো ইভেন্টও এই ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

শুরুতে শিল্প ও সাহিত্যের আটটি শাখাকে কেন্দ্র করে আর্টিস্ট ক্লাব বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এগুলোর মধ্যে রয়েছে- সংগীত ও নৃত্যকলা, চারুকলা ও দৃশ্যশিল্প, অভিনয় ও পরিবেশন শিল্প, সাহিত্য, ডিজাইন ও প্রয়োগকলা, মিডিয়া ও ডিজিটাল আর্টস, হস্তশিল্প ও কারুশিল্প, লাইফস্টাইল ও অন্যান্য। আগামীতে এটি দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে একটি শক্তিশালী প্লাটফর্মে পরিণত হবে বলে প্রত্যাশা করছেন ক্লাব সংশ্লিষ্টরা।

ক্লাব সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি শুধু শিল্পী-সাহিত্যিকদের একটি মিলনক্ষেত্র বা ক্লাব নয়, এটি লেখক-শিল্পীদের অধিকার আদায় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার একটি শক্তিশালী প্ল্যাটফর্মও। সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করা এবং সারা দেশে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করতে নানা ধরনের উদ্যোগ নেবে এ ক্লাব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ কবি ফরিদ কবির, নির্বাহী সদস্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রমুখ।