৭৯তম কান চলচ্চিত্র উৎসব

ভূমধ্যসাগরের নীল জলরেখা ছুঁয়ে যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসে, তখন ফ্রান্সের ছোট্ট শহর কান যেন বদলে যায় এক স্বপ্নের নগরীতে। চারপাশে ঝলমলে আলো, লালগালিচায় ক্যামেরার ঝলকানি, দূর থেকে ভেসে আসা করতালির শব্দ সব মিলিয়ে নিজস্ব ছন্দেই সৌরভ ছড়াচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

কানে গত বুধবারের মধ্যরাতটা যেন পুরোপুরি দখল করে নিয়েছিল ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’। জনপ্রিয় এই চলচ্চিত্র সিরিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে হাজির হন ভিন ডিজেলসহ মূল অভিনয়শিল্পীরা। আর তাদের ঘিরে কান উৎসবে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। উৎসবের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত এই প্রদর্শনীকে ঘিরে সন্ধ্যা থেকেই ভিড় জমাতে শুরু করেন দর্শক ও ভক্তরা। লালগালিচায় নামার পর ভিন ডিজেলকে ঘিরে শুরু হয় চিৎকার আর উচ্ছ্বাস। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে। কালো রঙের ঝলমলে জ্যাকেট পরে হাজির হন ভিন ডিজেল। জ্যাকেটের পেছনে রেসিং কারের নকশার সঙ্গে সিকুইন দিয়ে লেখা ছিল ‘ফাস্ট ফরএভার’। জানা গেছে, এই নামেই ২০২৮ সালে মুক্তি পাবে সিরিজটির পরবর্তী ও শেষ কিস্তি। ভিন ডিজেলের সঙ্গে লালগালিচায় ছিলেন  জর্ডানা ব্রিউস্টার, মিশেল রদ্রিগেজ, প্রযোজক নিল এইচ মরিটজ, ইউনিভার্সাল স্টুডিওর চেয়ারম্যান ডোনা ল্যাংলি এবং প্রয়াত অভিনেতা পল ওয়াকারের মেয়ে মিডো ওয়াকার। জানা গেছে, ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ‘ফাস্ট ফরএভার’সিনেমায় ফিরবেন মূল অভিনয়শিল্পীদের অনেকেই। পাশাপাশি থাকবেন ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামও।