টিভি নাটক, ওটিটি ও সিনেমা তিন মাধ্যমেই ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপা খন্দকার। সব মিলিয়ে বলা চলে, অভিনয় জীবনের এক অন্যরকম সুন্দর সময় পার করছেন দর্শকপ্রিয় এই মডেল-অভিনেত্রী। তিনি জানালেন, অভিনয় জীবনের শুরুতে যেমন তুমুল ব্যস্ত ছিলেন, এই সময়ে এসে সেই সময়টাই যেন পার করছেন তিনি। পরিণত বয়সে যে ধরনের চরিত্রে অভিনয় করার প্রয়োজন সেই সব চরিত্রই যেন তার কাছে আসছে, তিনিও সেসব ভালো ভালো গল্পের নাটকে নিজেকে একের পর এক তুলে ধরছেন। তবে কাজ করছেন অনেক বেছে বেছে।
দীপার কাছ থেকে জানা গেলে, আসছে ঈদে তার অভিনীত তন্ময় সূর্য পরিচালিত ‘হাঙ্গর’ সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া ঈদে বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য অভিনয় করেছেন আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’, চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’ নাটকগুলো। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দীপা অভিনীত ইমরোজ শাওন পরিচালিত ঈদের নাটক ‘স্টোরি অ্যাবাউট ইউ অ্যান্ড মি’ (নাম পরিবর্তন হতে পারে) নাটকের কাজ। এরপর তিনি মীর সাব্বির ও মহিমদুল মহিমের আরও দুটি নাটকের কাজ করবেন।
দীপা খন্দকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার অভিনীত বলা যায় প্রতিটি নাটকের জন্যই আমি অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি। বিশেষত এটা আমাদেরই গল্প নাটকে ফুফু চরিত্রে অভিনয়ের জন্য। এটা সত্যি কখনো কল্পনাও করিনি এই সময়ে এসে এমন একটা নাটকে অভিনয়ের জন্য আমি দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে আমি এত সাড়া পাব। দর্শক একটি চরিত্রকে এত ভালোবাসতে পারে তা নতুন করে জানা হলো।’