সড়কের পাশ থেকে অচেতন চবি শিক্ষার্থী উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একজন শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপের কারণে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষার্থীর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

অসুস্থ খোবাইবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, খোবাইবুলের গত কয়েকদিন ধরে নানা বিষয় নিয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। যার ফলে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। বৃহস্পতিবার রাতে শহর থেকে ক্যাম্পাসে ফেরার পর রাত ১টার দিকে তার অসুস্থতা বেড়ে যায়। শরীর খারাপ লাগলে সতেজ বোধ করার জন্য তিনি চা খেতে বাইরে বের হন। পরে ফেরার পথে হঠাৎ তিনি রাস্তার ওপর জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনাস্থলে কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী খোবাইবুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

এবিষয়ে সহকারী প্রক্টর প্রফেসর আককাছ আহমদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আমি তার ইনফরমেশন পেয়েছি। তার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত প্রক্টরিয়াল টিম পাঠানো হবে।