দাবি না মানলে ফুলবাড়ী রেলস্টেশন ঘেরাওয়ের হুমকি

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের নতুন ভবন নির্মাণ, স্টেশন আধুনিকায়ন এবং পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলাবাসী। আগামী ১৫ দিনের মধ্যে দাবি না মানলে ফুলবাড়ীতে অর্ধদিবস রেলপথ অবরোধসহ স্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তারা। 

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফুলবাড়ী একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বে ও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। যাত্রীসেবার মানও অত্যন্ত নিম্নমানের।

বক্তারা বলেন, ফুলবাড়ী রেলস্টেশনের বর্তমান ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন হাজারও যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও আধুনিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণ ও স্টেশন আধুনিকায়নের পাশাপাশি পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান তারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৭ মে রেল মন্ত্রী বরাবর স্মারক লিপি পেশসহ আগামী ১৫ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ফুলবাড়ীর জনগণ অর্ধদিবস রেল পথ অবরোধসহ ফুলবাড়ী রেলস্টেশন ঘেরাও করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক, গণ সংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।