সাতকানিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় মারজাহান নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার দক্ষিণ চরতি তুলাতলি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মারজাহান ওই এলাকার আব্দুল কাদেরের মেয়ে।

নিহতের পরিবারের বরাতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী জানান, চার বছর আগে মারজাহানের বিয়ে হয়েছিল। তবে এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের কোনো সন্তান ছিল না। বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পিতার বসতঘরের একটি শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মারজাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার।