৭ দিনে দেশ পাল্টে সরাসরি বিশ্বকাপ দলে বনি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আইভরি কোস্ট। কোচ এমার্স ফায়ে ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ইন্টার মিলানের ২২ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাঞ্জে-ইয়োয়ান বনি। মাত্র এক সপ্তাহ আগে ফ্রান্সের নাগরিকত্ব বদলে আইভরি কোস্টের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পান তিনি। এখনও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেললেও সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে গেলেন এই তরুণ তুর্কি।

বনি একা নন, ফ্রান্সের বয়সভিত্তিক দল (অনূর্ধ্ব-২১) মাতিয়ে আইভরি কোস্টে নাম লেখানো আরেক ফরোয়ার্ড ইলি ওয়াহিও সুযোগ পেয়েছেন এই স্কোয়াডে। ২৩ বছর বয়সী এই নিস তারকা চলতি বছরের শুরুতেই নাগরিকত্ব পরিবর্তন করেছিলেন এবং গত মার্চে লিভারপুলে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে আইভরিয়ানদের হয়ে তার অভিষেকও হয়েছিল।

বিশ্বকাপ দলে পুনর্বহাল করা হয়েছে ৩০ বছর বয়সী অভিজ্ঞ উইঙ্গার নিকোলাস পেপেকে। মরক্কোয় অনুষ্ঠিত সবশেষ আফ্রিকা কাপ অব নেশনস থেকে বাদ পড়েছিলেন আর্সেনালের এই সাবেক ফরোয়ার্ড, যেখানে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। চলতি মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে লা লিগায় ৮টি গোল করা পেপে অবশ্য সম্প্রতি মাঠের বাইরের এক বিতর্কে জড়িয়েছিলেন। মরক্কোর অতীত পারফরম্যান্স নিয়ে ইউটিউব ভিডিওতে মন্তব্য করার পর বর্ণবাদী আক্রমণের শিকার হন তিনি। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়ায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন পেপে, তবে সব মান-অভিমান ভুলে তাকে আবারও বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে এনেছেন কোচ এমার্স ফায়ে।

আইভরি কোস্টের এই স্কোয়াডে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে এসেছে সেবাস্তিয়ান হালেরের বাদ পড়া। ২০২৪ সালে নিজেদের মাটিতে আফ্রিকা কাপ অব নেশনস জয়ের অন্যতম নায়ক হালেরকে বিশ্বকাপ দলে রাখেননি কোচ। হালেরের পাশাপাশি জায়গা হয়নি ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক তারকা উইলফ্রিড জাহা’রও।

আসন্ন বিশ্বকাপে আইভরি কোস্ট খেলবে 'ই' গ্রুপে। যেখানে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি, ইকুয়েডর এবং কুরাসাও।

আইভরি কোস্টের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ইয়াহিয়া ফাফানা (রিজেস্পর), মোহাম্মদ কোনে (শার্লেরোয়া), আলবান লাফন্ট (প্যানাথিনাইকোস)।

রক্ষণভাগ: ইমানুয়েল আগবাদু (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), ক্লেমেন্ট আকপা (আজে অক্সের), ওসমানে দিওমান্দে (স্পোর্টিং লিসবন), গুয়েলা দুয়ে (রেসিং স্ট্রাসবার্গ), ঘিসলাইন কোনান (জিল ভিসেন্তে), ওডিলন কসোনৌ (আতালান্তা), ইভান এনডিকা (এএস রোমা), উইলফ্রিড সিঙ্গো (গালাতাসারে)।

মধ্যমাঠ: সেকো ফাফানা (স্টেড রেনাইস), পারফেইট গুইয়াগন (শার্লেরোয়া), ফ্রাঙ্ক কেসি (আল আহলি), ক্রিস্ট উলাই (ত্রাবজনস্পর), ইব্রাহিম সাঙ্গারে (নটিংহাম ফরেস্ট), জিন-মাইকেল সেরি (এনকে মারিবোর)।

আক্রমণভাগ: সাইমন আদিংগ্রা (এএস মোনাকো), অ্যাঞ্জে-ইয়োয়ান বনি (ইন্টার মিলান), আমাদ দিয়ালো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওমর দিয়াকিতে (সার্কেল ব্রুগ), ইয়ান দিওমান্দে (আরবি লাইপজিগ), ইভান গুয়েসান্দ (অ্যাস্টন ভিলা), নিকোলাস পেপে (ভিয়ারিয়াল), বাজুমানা তুরে (হফেনহাইম), ইলি ওয়াহি (নিস)।