অন্ধকার নাকি আলো লাল নাকি কালো
সাদা নাকি নীল হলুদ নাকি বেগুনি
কমলা নাকি আকাশি ছায়া নাকি কায়া
ধূসর নাকি গোলাপি সবুজ নাকি বাদামি
জলরঙ নাকি ছাপচিত্র জীবন নাকি যাপন
পৃথিবী তখন উজ্জ্বল রক্তাভ তবে কি ওঠেনি চাঁদ
ভরসন্ধ্যার মেরুন রঙ মিশে গেল মেঘের গোলকে
বিবর্ণ বাদামি আমি আঁকাঁকি হলাম হনালু স্বর্ণাভ
সাদা প্রেমিকা আমার যখন কাঠ গোলাপের হলুদ
কালো বন্ধুটি আমার হয়ে গেল নির্বিকার ক্যানভাস
ভূগোলের ভেতর আমরা তখন হারিয়ে যাওয়া প্রাণ
হলুদ ও নীলে যখন প্রেমিকা আমার সবুজ হয়ে গেল
ঠিক তখন বেচারা আমি ডিমের কুসুমে মিলিত হলাম
জানি অন্তর্যামী এখন শিল্পের সেই একক বিন্দুই আমি
যেখানে রেখার মতো বিরহী সব প্রতীক অচেনা বন্ধু
সেই দিন তিনে মিলে আমরা সেখানে দ্বিধাহীন চিত্তে
একাকী সবুজ ডিমের ভেতর আশ্চর্য দুনিয়া হয়ে উঠলাম
আমাদের স্নায়ু ভরা ছানাবড়া চোখ—গন্ডোলার ভাঁজে ঢেউ
দালির গোঁফের ফাঁকে আমরা তুলিতে যে শূন্যতা দেখলাম
যেন গোধূলি ডোবার আগে আমরা একাকী নদীতীরে ছিলাম
আসলে আমরা ছবির ভেতর প্রাকৃত প্রদোষে হারিয়ে গেলাম
নাকি আমরা আপন পৃথিবীর মধ্যে বেমালুম ভুলে গেছি নাম
সেই দ্বন্দ্বে আজও বুকের ভেতর অনন্ত ক্রুশ ঝুলিয়ে রাখলাম