ইপিজেডসহ নানা দাবি চাঁদপুরবাসীর

পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থল চাঁদপুরে ২২ বছর পর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দলীয় প্রধানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ জেলার অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ইপিজেড স্থাপনসহ নানা দাবি জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সরকারি সফরসূচি অনুসারে, সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুরবাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন।

চাঁদপুর পৌঁছে প্রধানমন্ত্রী পূর্বনির্ধারিত পাঁচটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুকবাজারের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। দুপুর পৌনে ১টায় চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্বখাল পুনঃখনন উদ্বোধন করে চাঁদপুর সার্কিট হাউজে বিরতি নেবেন। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় আবার সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

উল্লেখ্য, প্রায় ৪৮ বছর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ‘খোর্দ্দ খাল’ খননের উদ্বোধন করেছিলেন, আজ তারেক রহমান সেই খাল পুনঃখননের কার্যক্রম উদ্বোধন করবেন।

দীর্ঘ ১৭ বছর সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় আসা দলের প্রিয় নেতাকে দেখতে প্রহর গুনছেন দলীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে দীর্ঘ পথজুড়ে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরে খাল খননের পাশাপাশি জেলায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক জোনÑ ইপিজেড প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ, স্টেডিয়াম নির্মাণসহ নানা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর সফরসূচি ও দলীয় কর্মসূচি ঘোষণা করেন। ইপিজেড স্থাপনের দাবি প্রসঙ্গে মানিক বলেন, ‘চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড করা সম্ভব। এটি হলে অন্তত দেড় লাখ মানুষের কর্মসংস্থান হবে। এতে আশপাশের জেলার অর্থনীতিও উপকৃত হবে।’ অর্থনৈতিক অঞ্চল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে মানিক বলেন, ‘অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলের কাজ চলবে। পাশাপাশি ইপিজেড স্থাপনের দাবিও থাকবে।’

এদিকে হাজীগঞ্জ-শাহরাস্তির ৩২ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর কাছে হাজীগঞ্জ-শাহরাস্তিতে স্টেডিয়ামসহ নানা উন্নয়ন কাজের দাবি তুলে ধরা হবে বলে জানান চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সফল করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।