বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে।
গতকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান। সব মিলিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে দুদিনের ব্যবধানে সামান্য পতন দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩১৬ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৯ হাজার ৬৫৩ দশমিক ৮১ মিলিয়ন ডলার।
এর আগে গত ১২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৩৬ দশমিক ৭১ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৬৫১ দশমিক ৮৬ মিলিয়ন ডলার। আরিফ হোসেন খান বলেন, আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণের কিস্তি ও বিভিন্ন আন্তর্জাতিক লেনদেনের চাপের কারণে রিজার্ভে এমন ওঠানামা স্বাভাবিক। তবে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় ইতিবাচক থাকলে আগামী মাসগুলোতে রিজার্ভে স্থিতিশীলতা ফিরতে পারে।
উল্লেখ্য, আইএমএফের নির্দেশনা অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব করা হয়। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়।