দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের নতুন ভবন নির্মাণ, স্টেশন আধুনিকায়ন এবং পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে দাবি না মানলে ফুলবাড়ীতে অর্ধদিবস রেলপথ অবরোধসহ স্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
গতকাল শুক্রবার সকালে ফুলবাড়ী রেলস্টেশনের প্ল্যাটফর্মে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ফুলবাড়ী একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। যাত্রীসেবার মানও অত্যন্ত নিম্নমানের।
মানববন্ধনে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজসম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু, এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ।