মৌলভীবাজার সীমান্তে অনুপ্রবেশ, ভারতীয় দম্পতি আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।

বিজিবি সূত্র জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।