জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ হবে। সমাবেশের প্রস্তুতি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জোট। এতে জানানো হয়, সমাবেশের মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের জনগণ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এ অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। এ দাবিতে ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।