ভাঙা সেতুতে সুপারি গাছ

হঠাৎ ধসে পড়েছে পিরোজপুর জেলার নেছারাবাদের (স্বরূপকাঠি) ইদেলকাটি সড়কের ওপর নির্মিত সেতুটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ পথচারী। স্থানীয়রা ভাঙা সেতুর ওপর সুপারি গাছ ফেলে অস্থায়ীভাবে চলাচল করছেন। এতে ছোট ছোট শিক্ষার্থী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। সেতুটি ভেঙে পড়ায় এলাকাবাসীকে এখন কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

গত ৬ মে দুপুরের দিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা সেতুটি পার হওয়ার পরই বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে পড়ে খালের মধ্যে।

স্থানীয় জাহিদুল ইসলাম বলেন, এই সেতু দিয়ে গ্রামের মানুষ বালিবাড়ী, ইদেলকাঠি, জগন্নাথকাঠি ও শান্তিরহাট বাজারে যাতায়াত করে।

জলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম জানান, ‘প্রায় বিশ বছর আগে সেতুটি উপজেলা পরিষদের বরাদ্দ থেকে নির্মাণ করা হয়েছিল। বর্তমান অবস্থা জানিয়ে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি। যত তাড়াতাড়ি সম্ভব সেতুটি চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।’