দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে রাজশাহীতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধন করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে এ আঞ্চলিক পপ চালুর মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। সভাপতিত্ব করেন আইএসপিএবি রাজশাহী শাখার সভাপতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগের ফলে অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ই-গভর্ন্যান্স, ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল সেবা খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়নে রাজশাহী বিভাগকে আরও এগিয়ে নিতে এই নিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।